বুলগেরিয়ায় ঘন কুয়াশার কারণে মহাসড়কে ৫০টির বেশি গাড়ি ও ভারী যানবাহনের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৪৬ জন। মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে দেশটির পূর্বাঞ্চলে এ দুর্ঘটনা ঘটে।
বার্তা সংস্থা এপির প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানী সোফিয়া থেকে কৃষ্ণসাগর উপকূলীয় শহর বুরগাসগামী ত্রাকিয়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। দেশটির স্বাস্থ্যমন্ত্রী কাটিয়া ইভকোভার বরাত দিয়ে হতাহতের এ তথ্য জানানো হয়েছে।মহাসড়কের ইয়ামবোল শহরের কাছাকাছি এলাকায় ঘন কুয়াশার কারণে চালকদের দৃষ্টিসীমা কমে যায়। এতে একের পর এক গাড়ি ও ট্রাকের মধ্যে সংঘর্ষ ঘটে। মহাসড়কের উভয় পাশেই বহু যানবাহন দুর্ঘটনার কবলে পড়ে। সংঘর্ষে বেশ কয়েকটি গাড়ি দুমড়েমুচড়ে যায় এবং কিছু যানবাহন উল্টে সড়কের পাশে ছিটকে পড়ে।
স্বাস্থ্যমন্ত্রী জানান, নিহতদের মধ্যে ১০ জন ঘটনাস্থলেই মারা যান। হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় আরও দুজনের। আহত ৪৬ জনকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন পুলিশ, দমকল বাহিনী ও অ্যাম্বুলেন্স কর্মীরা। দুর্ঘটনার কারণে মহাসড়কটির উভয় দিকের যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধারকাজ শেষ হলে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হবে। প্রাথমিকভাবে ঘন কুয়াশাকেই এ ভয়াবহ দুর্ঘটনার প্রধান কারণ বলে ধারণা করা হচ্ছে।